টানা আট দিনের কর্মবিরতির পর শিক্ষার্থীদের শিক্ষাক্ষতি পুষিয়ে দিতে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা শনিবার (২৫ অক্টোবর) ছুটির দিনেও ক্লাস পরিচালনা করেছেন। সকাল থেকেই স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলেছে। শিক্ষকরা বার্ষিক পরীক্ষা ও শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য স্বেচ্ছায় অতিরিক্ত ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে আজ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষার্থীদের পিছিয়ে না পড়তে শিক্ষক সমাজ নিজের দায়িত্ব নিয়েছে।” এর আগে, বাড়িভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন চালিয়েছিলেন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনের পর আন্দোলন স্থগিত হয়েছে। প্রজ্ঞাপনে বাড়িভাড়া ভাতা দুই ধাপে ১৫ শতাংশে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তথ্য সূত্র : ভোরের দর্পন