প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৪:২৪ পি.এম
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: কেন্দ্র সচিবদের জন্য জরুরি নির্দেশনা

আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিবদের উদ্দেশে বিস্তারিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক পত্রে এসব নির্দেশনা প্রদান করা হয়েছে। পত্রে জানানো হয়, পরীক্ষার সব কেন্দ্র সচিবদের কাছে নির্দেশনাপত্রের কপি পাঠানো হয়েছে এবং নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
প্রধান নির্দেশনাগুলো:
১ পরীক্ষার কাঠামো:
- পরীক্ষার্থীরা অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।
- বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণমান ১০০ করে এবং সময় তিন ঘণ্টা।
- বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পূর্ণমান ৫০+৫০ এবং সময় দেড় ঘণ্টা করে।
- প্রতিদিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
২ প্রশ্নপত্র সংরক্ষণ ও যাচাই:
- পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারি অফিসে প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে।
- যাচাইয়ের সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব ও কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
- প্রশ্নপত্র তারিখ ও সেটভিত্তিক সিকিউরিটি খামে সিলগালা করতে হবে।
৩ পরীক্ষা পরিচালনা:
- প্রয়োজন হলে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে সাব-সেন্টার স্থাপন করা যাবে।
- পরীক্ষার দিনে শুধুমাত্র নির্ধারিত এসএমএস অনুযায়ী প্রশ্নপত্র ব্যবহার করতে হবে।
- কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
- প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ দিতে হবে।
৪ শৃঙ্খলা ও নিরাপত্তা:
- কেন্দ্রের ভেতর ও বাইরে বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভি ও হ্যান্ডমাইকের ব্যবস্থা রাখতে হবে।
- প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫ প্রবেশপত্র ও হাজিরা:
- প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দ্রুত বিদ্যালয়গুলোতে বিতরণ করতে হবে।
- কোনো ত্রুটি থাকলে পাঁচ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে হবে।
- হাজিরা শিটে পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে এবং অনুপস্থিতদের নাম লাল কালিতে চিহ্নিত করতে হবে।
৬ উত্তরপত্র ব্যবস্থাপনা:
- বিষয়ভিত্তিক ৫০টি করে উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করতে হবে।
- ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা রাখতে হবে।
- কোনো প্যাকেটের গায়ে অতিরিক্ত লেখা বা চিহ্ন থাকলে তার দায়ভার কেন্দ্র সচিবের।
৭ অতিরিক্ত নির্দেশনা:
- পরীক্ষার সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ রাখতে হবে।
- বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
- উত্তরপত্র সঠিকভাবে সিলগালা করে উপজেলা কমিটির নিকট জমা দিতে হবে।
শেষে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।
তথ্য সূত্র : ভোরের দর্পন
http://bholamail.com/