ভোলা-১ সদর আসনে উৎসবমুখর পরিবেশেই নিজ দলীয় মার্কায় নির্বাচনের ঘোষনা দিয়ে নির্বাচনী প্রচার ও র্যালি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
বুধবার (৫ নভেম্বর) ভোলা নতুন বাজার জেলা অফিসের সামনে থেকে দলটি নিজ দলীয় গরুর গাড়ির মার্কার প্রচারণা, র্যালি সমাবেশের আয়োজন করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে ঝড়ো হতে থাকে। সকাল ১১টায় জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে গরুর গাড়ির নির্বাচনি প্রচারণা ও র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা নিয়ে গরুর গাড়ি মার্কা সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। বিজেপির এ কর্মসূচি নিয়ে সচেতন মহল সহ বিভিন্ন শ্রেনীর মানুষের মধ্যে নানা শংকা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবেই তাদের এ নির্বাচনী প্রচার প্রচারণার র্যালিটি সম্পন্ন হয়।
র্যালি শেষে এক বক্তব্যে বিজেপি’র জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লা নেতাকর্মীদের আস্বস্ত করে বলেন, আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না, এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত ও বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ, মনোনয়নকে কেন্দ্র করে গত ০১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তবে ৩ নভেম্বর ভোলা সদর – ১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। অবশেষে জেলা বিজেপির নেতৃবৃন্দ তাদের অবস্থান স্পষ্ট করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ভোলা -১ সদর আসন থেকে তার দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। আজকের প্রচার প্রচারনার র্যালি তারই অংশ।