
সিলেটে হজরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে। তবে এবারের ওরশে নেই চিরাচরিত শিরনি বিতরণ, যা প্রায় ৭০০ বছরের ঐতিহ্যের অংশ ছিল।
গত বছরের অপ্রীতিকর ঘটনার পর প্রশাসনের নির্দেশে এবার শিরনি বিতরণ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মাজারের খাদেম আব্দুল আজিজ। তিনি বলেন, “শিরনি বিতরণে মারামারি হয়, তাই এবার তা করা যাবে না।” তবে তিনি উল্লেখ করেন, অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মাজার কমিটির সদস্য, স্থানীয় নাগরিক সমাজ ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট। তাদের মতে, শিরনি শুধু ধর্মীয় আচার নয়, এটি মাজারের দীর্ঘ ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। শিরনি বন্ধ করাকে তারা “অন্যায় সিদ্ধান্ত” বলে আখ্যা দিয়েছেন।
নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। সিলেট মহানগর পুলিশ, র্যাব-৯, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে তদারকি করছে। মাজার এলাকা ড্রোন ক্যামেরায় নজরদারিতে রাখা হবে এবং একটি তদারকি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
প্রশাসনের এই কঠোর নিরাপত্তার মাঝেও শিরনি বিতরণ বন্ধ করায় প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের মতে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের হলেও, ঐতিহ্য ভেঙে এ সিদ্ধান্ত সাংস্কৃতিক ক্ষতি বয়ে আনবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “আমার কাছে কেউ এ নিয়ে আসেনি। তবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, আলোচনা করেই হয়েছে বলে ধারণা করছি।”
তথ্য সূত্র : Bdmorning.com