
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে জোয়ারের উচ্চতা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে আগামী দুই দিনে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটি বলছে, লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টায় মিয়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে প্রথম দিন জোয়ারের উচ্চতা স্বাভাবিক থাকলেও পরের দুই দিন তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপের প্রভাবে ৫ ও ৬ নভেম্বরের দিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, ঢাকা ও সিলেট অঞ্চলেও হালকা বৃষ্টি হতে পারে, যদিও পরিমাণে তা তুলনামূলক কম থাকবে। তিনি আরও জানান, লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
একইসঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও সীতাকুণ্ডে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
তথ্য সূত্র : ভোরের দর্পন