জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে ব্যাপক শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলিশা ফেরিঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে তিন থেকে চার হাজার মোটরসাইকেলে কর্মী-সমর্থকদের অংশগ্রহণে জমজমাট শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম শোভাযাত্রার বিভিন্ন পয়েন্টে কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন,
“বাংলাদেশের মানুষ নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি চায়। জামায়াত জনগণের সঙ্গে নিয়েই নিরাপদ বাংলাদেশ গঠনে সরকার পরিচালনার অঙ্গীকার করছে।”
তিনি অভিযোগ করেন, বিগত সরকারগুলো দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করেছে। সেই অবস্থার পরিবর্তনে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন,
“গণভোট এখন জাতীয় দাবি। জনগণের চাপেই সরকার নির্বাচনের আগে গণভোট দিতে বাধ্য হবে।”
এ সময় তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন, অতীতে জামায়াতের যারা মন্ত্রিত্ব করেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই। সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই হবে আগামী দিনের অঙ্গীকার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার বেলায়ত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌরসভা আমির জামাল উদ্দিন, জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর সেক্রেটারি আব্দুল গাফফার, পৌর সেক্রেটারি আতাউর রহমান কামাল এবং পৌর নায়েবে আমির রুহুল আমিন।