
ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক নারীকে একটি গাছে বেঁধে রাখা হয়েছে। নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হচ্ছে। আর সেখানে ছোট-বড় বিভিন্ন বয়সী উৎসুক বেশ কয়েকজন দাঁড়িয়ে তা দেখছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে হেনস্তা করেন। ভিডিওতে আরও দেখা যায়, ‘জনতার তথ্য’ নামে একটি গণমাধ্যমের একজন কর্মী বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে মো. হুমায়ুন কবির বলেন, এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা আজ তাকে দিয়েছি। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের দ্রুত আটক করা হবে।