
সিপিডির অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, সাত বছর বিতর্কের পরও ২০১৯ সালে কার্যকর হওয়া ভ্যাট আইন ‘ল্যাংড়া খোঁড়া’ অবস্থায় রয়ে গেছে, তবে ব্যবসায়ীরা একমত হলে ভ্যাটের একক হারে যাওয়া হবে। তিনি জানান, ভ্যাট রিটার্ন পুরোপুরি অটোমেশনে নেওয়া হচ্ছে, আর সার্ভারে চাপ কমাতে শর্ত শিথিল করা হয়েছে। ম্যানুয়াল অডিট সিলেকশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং অটোমেটেড ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অডিট স্থগিত থাকবে। মঙ্গলবার রাজধানীর বনানীতে সিপিডির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিপিডির জরিপে দেখা যায়, বাংলাদেশের কর কাঠামোকে ৮২ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান অন্যায্য মনে করে এবং কর প্রশাসনে জবাবদিহির অভাব, দুর্নীতি ও ডিজিটাল কর ব্যবস্থার অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। জরিপে আরও বলা হয়, কর ফাঁকি ও অদক্ষতার কারণে প্রতিবছর যে বিপুল রাজস্ব হারায় সরকার, তা দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে কয়েক গুণ বেশি বাজেট বরাদ্দ দেওয়া যেত।
তথ্য সূত্র : Bdmorning.com