দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো অভিনেত্রী রাশমিকা মান্দানার বাগদানের আংটি। আঙুলে ঝলমলে আংটির ঝলক দেখেই হতবাক ভক্তরা, আর আরও জোরালো হলো তার ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোণ্ডার গোপন বাগদানের গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারণায় অভিনেতা জগপতি বাবুর টকশোতে অংশ নেন রাশমিকা। সেখানেই প্রথমবার ক্যামেরার সামনে দেখা যায় তার হাতে থাকা সেই আংটি। প্রোমো প্রকাশের পর দেখা যায়, টকশো চলাকালে বারবার রাশমিকার দিকে তাকিয়ে সঞ্চালক মজা করে বলেন, “তুমি তো বিজয় সেতুপতির ভক্ত, থালাপতি বিজয়েরও ভক্ত — তাহলে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে সম্পর্কটা ঠিক কেমন? কেবল বন্ধুত্ব, নাকি এই বিজয়ের মালিক তুমিই?” এই প্রশ্নে লজ্জা ও হাসিতে রাশমিকার প্রতিক্রিয়া চোখে পড়ার মতো ছিল। পরে যখন তার আঙুলের আংটি নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, “আমার আঙুলের প্রতিটি আংটিই খুব গুরুত্বপূর্ণ।” তখন জগপতি বাবু রসিকতা করে বলেন, “আমি নিশ্চিত, এর মধ্যে একটি তোমার সবচেয়ে প্রিয়, আর এর পেছনে একটা সুন্দর গল্পও আছে।” তার কথার উত্তরে একগাল হাসি দিয়ে নীরব সম্মতি জানান রাশমিকা, যা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন—রাশমিকা ও বিজয়ের সম্পর্ক কি অবশেষে আনুষ্ঠানিকতার পথে?
তথ্য সূত্র : ভোরের দর্পন