বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, ওয়ানডে নেতৃত্ব হারানোর পর কিছুটা হতাশ থাকলেও শান্ত এবার টেস্ট দলের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন।
গত জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর থেকেই টেস্ট দলের নতুন নেতৃত্ব বাছাই নিয়ে আলোচনা চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ডের মতে, ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজের ওপর নেতৃত্বের বাড়তি চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। ফলে টেস্টে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দেয়। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পরদিন রাতেই বোর্ড কর্মকর্তারা শান্তর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় তিনি নেতৃত্বে ফেরার বিষয়ে ইতিবাচক মত দেন এবং বোর্ডকেও আশ্বস্ত করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতে টি–টোয়েন্টি সিরিজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে নিয়ে বৈঠক করেন। সেখানেই টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর নাম চূড়ান্ত করা হয়। এর আগে সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম টি–টোয়েন্টি হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে লিটনের মন্তব্য বোর্ডে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে বলে জানা গেছে। অন্যদিকে, মিরাজের নেতৃত্বে পর্যাপ্ত আত্মবিশ্বাস খুঁজে পাননি পরিচালকরা।
সব দিক বিবেচনায় বিসিবি টেস্ট দলের নেতৃত্বের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। বোর্ড তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতিও বহাল রাখছে।
তথ্য সূত্র : ভোরের দর্পন