দেশব্যাপী জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ (শনিবার) থেকে কার্যকর হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত, অর্থাৎ টানা আট মাস।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই সময়ের মধ্যে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এর আগে, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালনা করা হয়, যাতে ডিমওয়ালা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। বর্তমানে সেই ডিম থেকে উৎপন্ন পোনা উপকূলীয় নদ-নদী ও মোহনাগুলোতে বিচরণ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মৎস্য অধিদপ্তর সারাদেশে কঠোর তদারকি চালাবে।