বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ভোলা-১ আসনে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। এ সময় তিনি নির্বাচিত হলে শিবপুরের মানুষের দীর্ঘদিনের দাবি নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণসংযোগ করেন।

শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ মোঃ নুর হোসেন হাওলাদার-এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর শিবপুরের সহজ-সরল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থী মরহুম মোশাররফ হোসেন শাহাজাহানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি যদি নির্বাচিত হই, তবে শিবপুরের মানুষের প্রাণের দাবি নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ করব। আপনাদের যতরকম অভাব অভিযোগ এবং প্রত্যাশা পূরণে কাজ করব। আপনারা আমাকে একবার সুযোগ দিন, আপনাদের সেবা করার। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ-গ্লানি ভুলে গিয়ে আগামী নির্বাচনেও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।