হিন্দু ধর্মালম্বীদের ভোট ব্যাংককে কাজে লাগাতে দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যেই সে দিকে ইঙ্গিত করে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহকে নারাজ করে ভোট চাইতে গেলে ভোটও কাজে আসবে না, আল্লাহকেও পাবেন না।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে পার্থ ফেসবুকে এই পোস্ট করেন।
আন্দালিব রহমান পার্থ লিখেন- ‘ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।’
পার্থ আরও লিখেন- ‘প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।’
সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। এর মধ্যেই ব্যারিস্টার পার্থ সে দিকে ইঙ্গিত করে পোষ্ট দিলেন।