বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভোলা জেলা যুবদল। সোমবার (১৭ নভেম্বর) ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিমের নেতৃত্বে ভোলা জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদল নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এসময় রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতিচারণ করে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম ভিপি ও ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আন্দোলন সংগ্রামে দলের দুঃসময়ে আমাদের যোদ্ধা হিসেবে কাজ করেছেন। দলের প্রতি ভিপি সেলিম এর ত্যাগ অনেক। আগামী নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য তিনি যুবদলের সকল স্তরের নেতা-কর্মীদের আহবান জানান। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল কাদের সেলিম ভোলা-৩ আসনসহ ভোলার ৪টি আসন ধানের শীষে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।