বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ১৭ বছরে বহু মায়ের কোল খালি করেছে। এদেশে হত্যা, গুম, দুর্নীতি সীমা ছাড়িয়েছে। শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম শাসক। এসবের অবশান হওয়া প্রয়োজন। রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিএনপির মনোনয়ন নিয়ে ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ভোলার তজুমদ্দিনে আসলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন।

মেজর (অব:) হাফিজ আরো বলেন, নির্বাচনের মাধ্যমে জণগণের ভোটে সরকার পরিবর্তন হবে। বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে। ১৭ বছর পর জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে। যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের জড়িত হবে, তারা দেশপ্রেমিক হতে পারে না। ইউনুস সরকার আরো আগে থেকেই নির্বাচনে ব্যবস্থা করা উচিত ছিল। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহজ হয় না।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম প্রমূখ।