“ভোলায় জীর্ণ ঘরে দিন কাটছে শতবর্ষী জায়েদা’র” শীর্ষক শিরোনামে (বৃহস্পতিবার-১৮ সেপ্টেম্বর) সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রবাসী আবুল কাশেম এর। সেই বৃদ্ধার চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নিলেন সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম। আজ সকালে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এ প্রতিবেদকের সাথে যোগাযোগ করে সেই বৃদ্ধা জায়েদার রাজাপুর ৩নং ওয়ার্ডের বাড়ীতে নতুন শাড়ী, জুতা, যাবতীয় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে।
এ ছাড়া বৃদ্ধা জায়েদাকে আগামীকাল শুক্রবার ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক মাসুদুর রহমানকে দেখাবেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে। শতবর্ষী জায়েদার নতুন ঘর সংস্কার ও মৃত্যুর আগ পর্যন্ত সকল ভাল-মন্দ দেখবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম।
উল্লেখ্য, আলহাজ্ব আবুল কাশেম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান এবং সৌদি আরব প্রবাসী। তিনি ভোলাসহ সারাদেশের যেখানেই সুবিধাবঞ্চিত মানুষের খবর দেখেন, সেখানেই সাহায্যের হাত বাড়ান।