ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন শুকনাখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এ সময় ৮ জন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা থেকে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ৫টি বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত ট্রলিং বোট ও জাল এবং আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।